নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্যজাত কন্যাকে হাসপাতালে রেখে পালিয়েছে শিশুটির বাবা-মা। গতকাল শনিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে। বর্তমানে শিশুটির দেখাশোনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার বিকালে সাঈদা বেগম নামের এক নারী প্রসব ব্যথা নিয়ে তার স্বামী সঙ্গে হাসপাতালে ভর্তি হন। বিকেলে ওই নারী এক কন্যা শিশুর জন্ম দেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। সন্ধ্যার পর কোনও এক সময়ে শিশুটির বাবা-মা নবজাতকে হাসপাতালে রেখে পালিয়ে যান। পরে হাসপাতালে ভর্তির সময় দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ করে তাদের সন্ধানি পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর আজ রোববার দুপুরে জানান, শনিবার বিকেলে ওই নারী সন্তান জন্ম দেবার পর শিশুটিকে রেখেই পালিয়ে যান। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের নজরে এলে তাদের খোঁজ শুরু করা হয়। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সেই শিশুটিকে লালন পালন করা হচ্ছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শিশুটির বাবা- মায়ের পরিচয় শনাক্তে কাজ চলছে। এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।



















