ডেস্ক রিপোর্ট
বান্দরবানে থানচি উপজেলায় বড়মদক ইউনিয়ন এর প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বড়মদক বাজারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হলে মুহূর্তেই অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। এসময় ২০টি দোকান ও কয়েকটি ঘর পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সাঙ্গু নদীর পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১০টি দোকান রক্ষা পায়। অগ্নিকান্ডে প্রায় ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন বাজারের ব্যবসায়ীরা।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম মৃদুল বলেন, ঘটনার পর থানচি সদর থেকে নৌকাযোগে দুর্গম বড়মদক বাজারে একটি টিম পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।




















