নিজস্ব প্রতিবেদক
গভীর রাতে জুয়ার আসরে পুলিশ হানা দিলে পালিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু'জন আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের মুড়াবুনিয়ার দুর্গম এলাকার একাটি বাগানে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, মুড়াবুনিয়া গ্রামের রমেশ মণ্ডলের তত্ত্বাবধানে ওই গ্রামে প্রায় দেড় বছর ধরে স্থানীয় মাদারতলা ক্যাম্প পুলিশকে ম্যানেজ করে রাতে জুয়ার আসর চলছিল। জুয়াড়িরা সম্প্রতি ক্যাম্প পুলিশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে মাদারতলা ক্যাম্পের এএসআই আবদুল হান্নান ও এক পুলিশ সদস্য সাদা পোশাকে ওই জুয়ার আসরে হানা দেন। এ সময় জুয়াড়িরা পালিয়ে পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে লাফিয়ে পড়ে। ওই ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ হিসেবে বিদ্যুতের তার ফেলে রাখা হয়েছিল। ওই তারে জড়িয়ে স্থানীয় কার্ত্তির মণ্ডলের ছেলে গোপাল মণ্ডল (৪০) মারা যায় এবং অনুপ মণ্ডল ও রাকেশ সরদার আহত হয়। এ সময় আহত অনুপ মণ্ডলকে আটক করা হলেও অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেওয়া হয় বলে গ্রামবাসী অভিযোগ করেছে।
জুয়ার আসরের হোতা রমেশ মণ্ডল মোবাইল ফোনে বলেন, আসলে জুয়া খেলার বিষয়ে আমি তেমন কিছু জানি না। তবুও আমার নাম যখন উঠেছে, আমার নামে কিছু লেখালেখি করবেন না। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি এখন কোথায়?
মাদারতলা ক্যাম্পের এএসআই আবদুল হান্নান বলেন, মুড়াবুনিয়া এলাকায় রাতে ডিউটিতে গিয়েছিলাম। তবে কারা জুয়ার আসর বসিয়েছিল তা জানি না। শুনেছি ওই এলাকায় ধানক্ষেতে বিদ্যুৎস্পর্শে কেউ একজন মারা গেছে। বিস্তারিত বলতে পারব না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায় বলেন, রাতে কিছু লোকজন টাকা দিয়ে বাগানের ভেতর নিয়মিত জুয়ার আসর বসিয়েছে। স্থানীয় মাদারতলা ক্যাম্পের পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ধানক্ষেতে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু হয়েছে।



















