ডেস্ক রিপোর্ট ।।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন করার উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। তিনদিনে একদিন, জমা পানি ফেলে দিন। এডিস মশা বংশ বৃদ্ধি করতে দেবেন না।
রাজধানীর মাজার রোডে ডেঙ্গু প্রতিরোধে বুধবার (৭ আগস্ট) আয়োজিত এক সচেতনতামূলক র্যালির আগে আয়োজিত সমাবেশে নগরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রোগ্রাম অ্যাকশন প্রোগ্রাম। এডিস মশার বিরুদ্ধে আমাদের অ্যাকশন প্রোগ্রাম। যে ডেঙ্গু রোগ জীবনহানি করছে, এই রোগ প্রতিরোধে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু নির্মূলে আমরা (আওয়ামী লীগ) দেশব্যাপী তিনদিনের কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু যতদিন পর্যন্ত ডেঙ্গু নির্মূল না হবে, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যার যার ঘর এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। স্কুল-কলেজ, প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখবেন। সমাজ পরিচ্ছন্ন রাখবেন। তিনদিনে একদিন, জমা পানি ফেলে দিন।






















