রাজনীতি ২৬ জুন, ২০২৬ ০৪:১৬

বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও এ বিষয়ে এখনও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে কোনও জবাব মেলেনি।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। আমাদের দূতাবাস সেগুলো ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটিই সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের পক্ষ থেকে এখনও কোনও জবাব পাইনি। আশা করছি, শিগগিরই তারা জানাবে।’’


বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দুবাই থেকে গ্রেফতারের বিষয়টি ই-মেইলে জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছিল। তবে বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যেই সব প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিয়েছে।

বেনজীর আহমেদ অন্য দেশের পাসপোর্ট বহন করছেন বলে যে আলোচনা রয়েছে, এ বিষয়ে তাকে ফেরানো কঠিন কি না জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘‘আমরা এখনও ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি তিনি ফেডারেল পুলিশের হেফাজতে আছেন। এর বাইরে আমাদের কাছে নতুন কোনও তথ্য নেই।’’

গত ১৪ জুন দুবাইয়ে সাবেক আইজিপি ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ গ্রেফতার হয়েছেন বলে খবর প্রকাশ্যে আসে। ওই দিন জাতীয় সংসদে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।