ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ এম আবু মুসা এবং সেক্রেটারি অ্যাপ্লাইড নিউট্রেশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান।
সোমবার (২৮ অক্টোবর) রাতে শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিশিয়াল ফেইসবুক পেইজে এ সম্পর্কিত একটি পোস্ট করা হয়।
ঐ পোস্টে বলা হয়, ‘২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি মু. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলী আজম মো. আবু বকর। সভায় ইবি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’
এবিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, আসলে পরিস্থিতি যেমনই হোক ছাত্র শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেক বছর জানুয়ারিতে কমিটি অনুমোদন দেয়া হয়। আমরা কখনোই আত্মগোপনে ছিলাম না সবসময়ই প্রকাশ্যে ছিলাম। এ নিয়ে ভুল মেসেজ যাওয়ার কোনো অবকাশ নেই। জুলাই আগস্ট বিপ্লবের বৈষম্য মুক্ত চেতনাকে ধারণ করে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিল এবং থাকবে। তাদের বিভিন্ন অধিকারের কথা বলবে ও দাবি নিয়ে কাজ করবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি আবু মুসার বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর গ্রামে। অন্যদিকে সেক্রেটারি মাহমুদুল হাসানের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।






















