রাজনীতি ২১ নভেম্বর, ২০২৩ ০৪:৩৭

ককটেল নিক্ষেপকারীদের পালাতে পুলিশ সহয়তা করেছে: আফরোজা আব্বাস

আমাদের কাগজ ডেস্ক: মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে আজ ২১ নভেম্বর সকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আর এতে পুলিশের অদৃশ্য হাত থাকার অভিযোগ এনেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।  

তিনি বলেন, ককটেল নিক্ষেপকারী হেলমেট পরা দুজনকে পালিয়ে যেতে পুলিশ সহায়তা করেছে। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সেখানে তিনি এ অভিযোগ করেন।

আফরোজা আব্বাসের এ অভিযোগ তাঁর রাজনৈতিক বক্তব্য, বলেছে পুলিশ। এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘এটা তাঁর রাজনৈতিক বক্তব্য। বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এখানে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।’

আফরোজা আব্বাস বলেন, ‘দারোয়ান বলল, কালো পোশাক ও হেলমেট পরে দুজন হামলা করেছে। তারা একই মোটরসাইকেলে ছিল। বাসার বাইরে পুলিশের তিন থেকে চারটি মোটরসাইকেল ছিল। হামলাকারীদের ধরার জন্য দারোয়ান পুলিশকে বলল। পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহায়তা করল।’ 

নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘এর আগেও বাসায় হামলা হয়েছে, এখনো হচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ সারা দেশে এমন তাণ্ডব চালিয়ে বিরোধীদের ওপর চাপিয়ে দিচ্ছে। পুলিশ তাদের প্রশ্রয় দিচ্ছে।’ এ হামলার ঘটনায় তিনি দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে বিচার চান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় করা মামলায় ৩১ অক্টোবর গ্রেপ্তার হন। তিনি এখন কারাগারে।

আমাদেরকাগজ/এমটি