রাজনীতি ১১ নভেম্বর, ২০২৩ ০৫:৫৪

আমরা উন্নয়ন করি, আর বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মারে : প্রধানমন্ত্রী

আমাদের কাগজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা এটা বিএনপি-জামায়াতের কাজ। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা (বিএনপি-জামায়াত) ভাঙে, ওরা নস্যাৎ করে। কাজেই ওদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে।

জ (শনিবার) (১১ নভেম্বর) বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ওরা শুধু ধ্বংস করতে জানে, ওরা মানুষের কল্যাণ করতে জানে না। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে। কাজেই ওদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে।

তিনি বলেন, কোনো মানুষের মধ্যে যদি মনুষত্ববোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। বিভিন্ন জায়গায় জীবন্ত মানুষগুলোকে ওই বিএনপি-জামায়াত পুড়িয়ে পুড়িয়ে হত্যা করছে। গাড়িঘোড়া পুড়িয়ে দিচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা এটাই তাদের কাজ।

এর আগে কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার আগে এদিন সকালে কক্সবাজারে গিয়ে চট্টগ্রাম (দোহাজারী)-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন সেখানে স্থাপিত আইকনিক রেল স্টেশনও।

আমাদেরকাগজ/এমটি