রাজনীতি ২৮ অক্টোবর, ২০২৩ ০৩:০৮

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ বক্সে আগুন

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর কাকরাইল ধাওয়া-পাল্টাধাওয়া চলছে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণসহ গতকাল থেকেই নেতা__কর্মীরা প্রস্তুতি নিয়েছে সমাবেশ সফল করার জন্য। মিছিল ও সমাবেশে আচ্ছন্ন রাজধানীর কাকরাইল। জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।

একপর্যায়ে, পুলিশ পিছু হটলে সড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। (শনিবার) দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মোড়ে অবস্থান নেয়। এদিক দিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অনুসারীরা আসে। 

এ সময় বিএনপির নেতাকর্মীরা ওই গাড়িটির ওপর হামলা চালায়। পুলিশ বাধা দিতে এলে পুলিশের ওপর হামলা করে তারা।

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে ঢুকে যায় কেউ কেউ। দুর্বৃত্তরা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করে। ঘটনাস্থলে আটটি পিকআপ ও একটি বাস ভাঙচুর করে পরে পুলিশবক্সে আগুন দেওয়া হয়। তোপের মুখে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পিছু হটে পুলিশ। পরে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি।

সরেজমিনে দেখা গেছে, অন্যদিকে বিএনপি কর্মীরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

আমাদের কাগজ/এমটি