রাজনীতি ১৪ অক্টোবর, ২০২৩ ০৮:১২

সরকারের গুমর ফাঁস হয়ে গেছে: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘সরকার নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে বড় বড় কথা বলে। মুখের কথায় দেশ চলে না। তাদের লুটপাট, দুর্নীতির গুমর দেশের ভেতরে ও বিশ্বের কাছে ফাঁস হয়ে গেছে।’

শনিবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনশন কর্মসূচিতে ড. মঈন খান এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এই অনশন আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ স্থায়ী কমিটির সদস্যরা। অনশনের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন এক দফা যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলের নেতা এবং বিএনপির সমর্থক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তিন বারের প্রধানমন্ত্রী ও দুই বারের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রেখে তার সুচিকিৎসার পথে বাধা সৃষ্টি করছে সরকার। এটা হতে পারে না। দেশের ১৮ কোটি মানুষ এ অবস্থান মেনে নিতে পারেনা। সব গণতন্ত্রকামী বিরোধীদল আজ একই মঞ্চে খালেদা জিয়াকে মুক্তি করতে ঐক্যবদ্ধ। তাই রাজপথের আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রীকে মুক্ত করবো ইনশাল্লাহ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে অনশনে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম, গণ অধিকার পরিষদের (নুরুল-রাশেদ) সভাপতি নুরুল হক প্রমুখ।

আমাদেরকাগজ/এইচএম