রাজনীতি ১৪ অক্টোবর, ২০২৩ ০৫:৫৬

মির্জা ফখরুল সোনারগাঁও থেকে নাশতা করে বসেছেন অনশনে: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণের দাবিতে দলটির অনশন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খবর জানেন? মির্জা ফখরুল মিডিয়াকে বলেছেন অনশন। কিন্তু নিজে সকালবেলা নাশতা করে আসছেন।
শনিবার রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত শনিবার এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইদানীং আবার পিটার হাসের সঙ্গে কথাবার্তা বলে বাইরে এসে আজরাইলের সঙ্গে কথা কয়। আজরাইল নাকি আমাদের মাথার চারপাশে ঘুরতেছে। শেখ হাসিনার মাথার চারপাশে আজরাইল। হেতু কী, সময় নাই! ফখরুল সাহেবকে বলি, শেষ পর্যন্ত আজরাইলে আপনাকে আছড় করেছে। আজরাইলের সঙ্গে কথা কন সরকার পতনের জন্য। পদযাত্রায় কাজ হয়নি, বিক্ষোভে কাজ হয়নি। গোলাপবাগের গরুর হাটেও কাজ হয়নি, পল্টনের পদযাত্রায়ও কাজ হয়নি। এখন আজরাইলের সঙ্গে কথা বলছেন। আর কাকে দেখাবেন?

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা আর আসে না। এখন কর্মীদের কী বলবেন? এতদিন বলছেন, আমেরিকা আসতেছে। কই নিষেধাজ্ঞা? এখন তাদের (বিএনপি) আর কোনো উপায় নেই। উপায় একটা, আমেরিকা যদি নিষেধাজ্ঞা নিয়ে আসে কখনও। দুই সেলফিতে কাজ হয়ে গেছে। তাদের এখন ঘুম হারাম। নয়াদিল্লির সেলফি, নিউইয়র্কের সেলফি; দুই সেলফিতে ওদের ঘুম হারাম হয়ে গেছে।

ক্ষমতার জন্য শেখ হাসিনা ঘোরাঘুরি করছেন, মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিদেশে কারও কাছে ক্ষমতার জন্য ঘোরাঘুরি করতে যান না। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য, আর দেশের অর্থনীতিকে বাঁচাতে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, (মির্জা ফখরুল) সকালে সোনারগাঁও থেকে খাবার এনে নাশতা করেছেন। এখন করছেন অনশন। বাসায় গিয়ে আবার কখন রাজখাবার খাবেন, সেই অপেক্ষায় আছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল নাকি শেখ হাসিনাকে আর সময় দেবেন না। বলি সময় দেওয়ার তুমি কে? সময় দেওয়ার মালিক আল্লাহ তায়ালা ও এই দেশের জনগণ। আর কেউ নন।

আমাদেরকাগজ/এইচএম