রাজনীতি ৩ অক্টোবর, ২০২৩ ১১:৩৫

আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ক্ষমা নেই : প্রধানমন্ত্রী

আমাদের কাগজ ডেস্ক : বিএনপির আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করলে কোনো ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (সোমবার) লন্ডনের হোটেল তাজে প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এসময় ২০১৩-১৪ সালকে উল্লেখ্য করে সরকার প্রধান বলেন, সে সময় সারা দেশে বিএনপি তান্ডব চালিয়েছিল। এবার আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ক্ষমা নেই।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আন্দোলনের নামে মানুষের ওপর হামলা করলে রেহাই দেওয়া হবে না। কারণ, তথাকথিত আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট অতীতে যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চসহ বহু ধরনের যানবাহনে আগুন দিয়ে মানুষ মেরেছে। তিনি বলেন, আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করলে কোনো ক্ষমা করা হবে না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। তাদের অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সব ধরনের সংস্কার করা হয়েছে। স্বচ্ছ ব্যালট বক্স চালু এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আন্দোলন করছে। তাকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমার কিছুই করার নেই। নির্বাহী ক্ষমতা দিয়ে দণ্ড স্থগিত করে তাকে বাড়িতে থাকতে দিয়েছি। আইন অনুযায়ী যতটুকু করতে পারি তাই করেছি।

প্রধানন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও ডিজিটাল দেশে রূপান্তরিত করেছে এবং এখন ২০৪১ সালের মধ্যে এটিকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান সরকারপ্রধান।

আমাদেরকাগজ/এমটি