রাজনীতি ৮ অক্টোবর, ২০১৯ ০৪:২৮

সম্রাটের চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

ডেস্ক রিপোর্ট।। 

ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে তাকে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে পরীক্ষা-নিরিক্ষার জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে- এমনটি জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আফজালুর রহমান। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ জানিয়েছেন,বর্তমানে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

বুকে ব্যথা অনুভব হওয়ায় সম্রাটকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সেখানে তাকে করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, সম্রাট অবজারভেশনে আছেন। তার শারিরিক অবস্থার জন্য অস্থায়ী মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে সম্রাটকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর, ঢামেক চিকিৎসকদের পরামর্শে সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়।