রাজনীতি ২৯ আগস্ট, ২০২৩ ০৬:২২

বিএনপির আমলে বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আমলে বিশ্বে বাংলাদেশের কোনো অবস্থানই ছিল না। তখন বাংলাদেশ মানেই ছিল দুর্ভিক্ষের দেশ, ঝড়ের দেশ, বন্যার দেশ, হাত পেতে চলার দেশ। এখন অন্তত বাংলাদেশ ভিক্ষা চাওয়ার দেশ না। এটা সবাই জানে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘অপজিশন থেকে খুব হতাশ আমরা নাকি চেয়েও ব্রিকসের সদস্য পদ পাইনি। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা কিন্তু ঠিক না। আন্তর্জাতিক পর্যায়ে আমরা যে মর্যাদাটা তুলে ধরেছি সেটা অন্তত আছে। তারা বলতেই পারে কারণ বিএনপির আমলে অবস্থানটা এমনই ছিল।

প্রধানমন্ত্রী বলেন, আমি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছি। এবার তারা কিছু সদস্য নেবে সেটাও আমরা জানতাম। এ বিষয়ে আমাদের মতামত চাইলো। আমরা মতামত দিয়েছে। কিন্তু সদস্য হওয়ার চেষ্টা করিনি।

এ সময় ড. ইউনূসকে নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মবিশ্বাস থাকলে ড. ইউনূস আন্তর্জাতিক বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। সরকার কোনো বিবৃতিতে প্রভাবিত হবে না। ড. ইউনূসের বিরুদ্ধে মামলা আইন অনুযায়ী চলবে।’

আমাদেরকাগজ/এইচএম