ডেস্ক রিপোর্ট।।
শোকের মাস আগস্ট এলে জঙ্গিবাদ ও নাশকতার সঙ্গে জড়িতদের পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানী্র সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত ‘মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী। এ উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শোকের মাসে ১৫ আগস্ট আমাদের চেতনায় শক্তি সঞ্চার করে আর এই শোকের মাস এলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে। একদিকে আমাদের হারানোর বেদনা, আবার নতুন করে হারানোর সেই শঙ্কা আমাদের মধ্যে শিহরণ সঞ্চারণ করে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের’৭৫ পরবর্তীকালের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক নেতা হচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আগস্ট মাস এলে বঙ্গবন্ধুর মতো আমাদের প্রিয় নেত্রী, যাকে ঘিরে বঙ্গবন্ধুর রাজনীতি আবর্তিত, তার বিপদের আশঙ্কা থাকে, অশুভ তৎপরতা জেগে ওঠে।’
আওয়ামী পরিবারকে সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুবলীগকে সতর্কতার সঙ্গে প্রোগ্রাম করতে হবে।’শোককে শক্তিতে রুপান্তর করার স্ক্ষমতা থাকতে হবে সবসময়।






















