রাজনীতি ৩ জুলাই, ২০২৩ ০৯:০৮

সরকারের সময় শেষ হয়ে গেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি আদায়ে এখন প্রতিরোধ ছাড়া কোনো বিকল্প নেই। সরকারের সময় শেষ হয়ে গেছে। অবিলম্বে তাদের পদত্যগ করতে হবে। 

সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও সহযোগী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, কথা খুব পরিষ্কার, অবিলম্বে পদত্যাগ করেন। কারণ যত দিন যাবে ততই দেশ ও মানুষের ক্ষতি হবে। ততই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আর সংসদ বিলুপ্ত করেন। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যে নামেই বলেন না কেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, তারা একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করবে। এটাই একমাত্র পথ আর কোনো পথ নাই। তা না হলে তখন পালানোর পথও খুঁজে পাবেন না। কারণ সময় আর থাকবে না সময় শেষ হয়ে গেছে। 

ফখরুল বলেন, মরিচের অনেক দাম বেড়েছে। একহাজার টাকা। মরিচের তো খুব ঝাঁজ থাকে। ওই ঝাঁজ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ্য করতে পারছেন না। আজকে চাল, ডাল তেল, লবণসহ প্রত্যেকটা জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আজকে এক মন ধান বিক্রি করে এক কেজি মরিচ কেনে। আর উনি ভয় পেয়েছেন, এই অবৈধ সরকার নিয়ে উনি প্রধানমন্ত্রীত্ব আর কতদিন করতে পারবেন। আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায়, নিজের নিরাপত্তা চায়, অধিকার ফিরে পেতে চায়। সরকার গত ১৫ বছরে আমাদের ৪০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। ৬শ মানুষকে গুম করেছে। এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই- আপনি আসুন, দেখুন, এই সাধারণ শ্রমিক, কৃষকরা কি বলেন। আর শুধু কাঁচা মরিচ না বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ সবকিছুর দাম আপনারা বাড়িয়ে যাচ্ছেন। এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ সরকার। এদের দুর্নীতির কারণে মানুষের পকেট আজ খালি। এদের দেয়া বাজেটে বড়লোক আর ধনী হচ্ছে, আর গরীব আরও গরীব হচ্ছে। এই আওয়ামী লীগের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, সম্ভবও না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, আ ন ম সাইফুল ইসলাম প্রমুখ।


আমাদেরকাগজ/এইচএম