রাজনীতি ১২ জুন, ২০২৩ ০৩:৩৩

নারায়ণগঞ্জে দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ সময় দুই কাউন্সিলর উটপাখি প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও ডালিম প্রতীকের প্রার্থী শব্দর আলী ভূঁইয়ার মধ্যে এ ঘটনা ঘটে।

আজ সোমবার দুপুরে ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা কেন্দ্রে ভোট দিতে এসে দুই নারী তর্ক বিতর্কে জড়িয়ে যান। পরে কেউ একজন জাহাঙ্গীরের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শব্দর ভূঁইয়াকে সন্দেহ করেন। এরপরই তারা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে জাহাঙ্গীরের সমর্থকরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। 

জানা যায়, দুই পক্ষের অনুসারীদের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ওই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান জানান, সোমবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মারামারির বিষয়টি দেখা হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমাদেরকাগজ/এমটি