রাজনীতি ৯ মে, ২০২৩ ০৯:০৭

একটি অশুভ শক্তি ষড়যন্ত্র করে সরকার হঠাতে চায় : নানক

নিজস্ব প্রতিবেদক: দেশের ভেতরে একটি অশুভ শক্তি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে সরকার হঠাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (৯ মে) বিকেলে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কথা-কবিতায় স্মরণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ‌বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নানক বলেন, দেশের ভেতরে একটি অশুভ শক্তি সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করে। তারা সরকারকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে। ষড়যন্ত্র করে আর আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে টলানো যাবে না।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি প্রভুদের কাছে পা ধরে, আপত্তি করে, নালিশ করে, অভিযোগ করে, কোনো লাভ হবে না। সোজা পথে আসতে হবে। অগণতান্ত্রিক পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে হবে। নির্বাচনই হলো একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার। 


আমাদেরকাগজ/এইচএম