নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শনিবার সেখানে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক চেকআপ করতে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে এসেছেন।’
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভোগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
আমাদেরকাগজ/এইচএম






















