নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের হাসপাতালে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবোই ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে নেতাকর্মীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমি দেখতে পারি না, মাথা ঘুরে যায়। এসময় তিনি আহত ওই ছাত্রদল নেতার উদ্দেশে বলেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবোই ইনশাআল্লাহ।’ ওই নেতাও এসময় বিএনপি মহাসচিবকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন।
মির্জা ফখরুল পরে সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী মনে করে হামলা-মামলা করে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ জেগে উঠেছে। মানুষ তাদের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।’
ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রনেতাদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। হামলায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি করছি।
আমাদেরকাগজ/এইচএম






















