নিজস্ব প্রতিবেদক: বিএনপি কোনো সংলাপে যাবে না উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কোনো সংলাপ চাইনি, আমরাতো চেয়েছি সরকারের পদত্যাগ।
সোমবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, অনেক চুরি করেছেন, অনেক ডাকাতি করেছেন সুতরাং আপনারা এখন চলে যান, বিদায় হন, এদেশের জনগণকে বাঁচান।
হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দানবীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। আর যারা নির্বাচনে যেতে চান বা যাবেন তাদের কারো পা আস্ত থাকবে না।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা রাজনৈতিক আচরণ শিখুন। মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কখনোই আজকের প্রধানমন্ত্রী বিরুদ্ধে খারাপ কথা বলেননি।
তিনি বলেন, পুলিশের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই। পুলিশের উন্নয়ন হবে পুলিশের সন্তানরা ভালো থাকবে ভালো খাবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওই জায়গায় যদি পুলিশকে ঘুষ দেওয়া হয়, আওয়ামী লীগের কর্মচারীর মতো ব্যবহার করা হয়, তাহলে আমাদের আপত্তি রয়েছে। পুলিশকে পুলিশের আচরণ করতে হবে। আমরা ট্যাক্স দেই, আপনি গণতন্ত্র প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি আওয়ামী লীগের কর্মচারী নন।
বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায় আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে কখনই ভয় পায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি তিনবার ক্ষমতায় গিয়েছে, কিন্তু কখনো ভোট চুরি করে যায়নি।
আমাদেরকাগজ/এইচএম





















