আমাদের কাগজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি। ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। তিনি বলেন, আমরা জনগণকে পাহারা দেই, আমরা জনগণের পাহারাদার।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের এখানে একটি দল আছে যারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে, ভাঙচুর চালায়। মানুষকে পুড়িয়ে মারে, পেট্রল বোমা দিয়ে মেরে ফেলতে চায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্ষমতায় আছি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের করণীয় দায়িত্ব।
মন্ত্রী বলেন, সংস্কৃতি কোন নিয়ন্ত্রণের বিষয় নয়। সেই সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার এই আইনটি বাতিল করেছে।
অনুষ্ঠানে আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, দিলারা জামান, আমিরুল হুদা, ডলি জহুর, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান।
আমাদের কাগজ/এমটি





















