রাজনীতি ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৫১

বিএনপির গণমিছিল ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করবে আ’লীগ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীতে ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি। বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র করে দিনব্যাপী রাজধানীতে সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমবেত হবে বা সমাবেশ করবে তারা।

জানা যায়, বিএনপি মরিয়া শক্তি প্রদর্শনে, নজরে রাখবে আওমালীগ। 

এরই মধ্যে রাজধানীর উত্তরা, মহাখালী, শ্যামলী, ফার্মগেট, মিরপুর গাবতলী, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, রামপুরা বাড্ডা ইউলুপ, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং যাত্রাবাড়ী এলাকায় কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম থাকবে। সেখানে মহানগর, থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে মোটামোটি সমাবেশে রূপ নেবে। 

দলটির সূত্রে জানা গেছে— উত্তরায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দুকুর রহমান ও ধর্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

মহাখালীতে থাকবেন— প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

শ্যামলীতে থাকবেন— প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া ‍সুলতানা।

ফার্মগেটে থাকবেন— প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

মিরপুর গাবতলীতে থাকবেন— সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম এবং সাবেক সদস্য আবদুল আওয়াল শামীম।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে থাকবেন— প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

যাত্রাবাড়ীতে থাকবেন— প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, এবং কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

দলটির নেতারা জানিয়েছেন— শ্যামলী এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সশরীরে যুক্ত হবেন। এরই মধ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন— আন্দোলন কর্মসূচির নামে কেউ সাধারণ জনগণের জানমালের ওপর হামলা চালালে বা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য,যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে আজ ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও তার মিত্ররা। এর মধ্য দিয়ে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে সরকারবিরোধী ঐক্যের যাত্রা আরও দৃঢ় করতে চায় রাজপথে শক্তি প্রদর্শনে মরিয়া বিএনপি।

জুমার নামাজের পর ঢাকার বিভিন্ন এলাকায় আলাদাভাবে গণমিছিল করবে দলগুলো। এর বিপরীতে পাল্টা কর্মসূচি না থাকলেও পরিস্থিতির ওপর নজর রাখবে আওয়ামী লীগ। গণমিছিল কর্মসূচি ঘিরে কোনো ধরনের নাশকতা কিংবা উস্কানিমূলক ঘটনা ঘটলে তা মোকাবিলায় পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও ভূমিকা রাখবে।


আমাদের কাগজ/এম টি