রাজনীতি ২৯ ডিসেম্বর, ২০২২ ১০:৫১

কুমিল্লায় ১৭ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

কুমিল্লা প্রতিনিধি,আমাদের কাগজ ডেস্কঃ কুমিল্লার পাঁচ উপজেলায় ১৭ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) শীতের কারণে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

তথ্য অনুযায়ী, লালমাই উপজেলার আলীশ্বর ভোটকেন্দ্র পরিদর্শন করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।জানা গেছে, ইভিএমেই জেলার নাঙ্গলকোটে আটটি, লাকসামে তিনটি, বরুড়া ও লালমাই উপজেলায় দুটি করে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে জেলার পাঁচটি উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে ৫৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৮৫ জন চেয়ারম্যান প্রার্থী।

ইউনিয়নগুলো হলো: নাঙ্গলকোটের রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী ও দৌলখাঁড়;  লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, মুদাফফরগঞ্জ দক্ষিণ; লালমাই উপজেলার বাকই উত্তর, পেরুল উত্তর; বরুড়ার ভাউকসার ও শাকপুর এবং দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়ন।

প্রসঙ্গত, এদিকে এসব নির্বাচনকে ঘিরে ইউনিয়ন গুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোর থেকে ভোটাররা কেন্দ্রে আসছেন। তবে উপস্থিতি কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের কাগজ/এম টি