নিউজ ডেস্ক: সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা বলতে চাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এ পর্যন্ত আত্মত্যাগ করেছে। কিন্তু বিএনপি বিভিন্ন সময় দেশে বিরোধিতার নামে জনগনের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।’
শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এদেশের অর্থবহ অস্তিত্ব ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আওয়ামী লীগ। সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আর্থ-সামাজিক ও ভূরাজনৈতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিই হলো এদেশের অস্তিত্ব, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান অন্তরায়। ইনডেমনিটি অধ্যাদেশের মতো পাশবিক মানসিকতা লালন-পালনকারী বিএনপি এবং ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংগঠনকারী মানবতাবিরোধী অপরাধী খুনি তারেক রহমানই হলো এদেশের শান্তি ও স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধক।’
আমাদের কাগজ/ইদি





















