রাজনীতি ১৬ অক্টোবর, ২০২২ ০৪:২৩

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে ও পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।  ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শনিবার রাত ২টার দিকে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলাটি করেন। 

এজাহারে ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সভাপতি মীনহাজুল আবেদিন রাসুলের নাম রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

পুলিশ জানায়, শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস মাঠে বিভাগীয় সমাবেশ করে বিএনপি। অপরদিকে রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করার জন্য জমায়েত হন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বিকালের দিকে বিএনপির সমাবেশ থেকে কয়েকশ নেতাকর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে যান। সেখানে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

দুপক্ষের নেতা কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের এক এসআইসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ও শব্দ বোমা নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। 

ওসি শাহ কামাল বলেন, “বিএনপির সমাবেশ হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় এসে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা, রাস্তায় জনগণের চলাচলে বাধা, পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা দেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। এসব ঘটনায় মামলা করা হয়েছে।” 

ওই ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতাও আহত হয়েছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এসব নিয়ে তদন্ত হচ্ছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।

 

টিআর