রাজনীতি ১৪ নভেম্বর, ২০২০ ০২:২২

যুবলীগের আইন সম্পাদক হলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

আইন বিষয়ক সম্পাদক হওয়ার পর গণমাধ্যমে পাঠানো এক ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেন, কমিটিতে নাম থাকা কোনো সুবিধা নয় বরং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের সম্মান পাহারার দায়িত্ব নেয়া। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম জানান।

এর আগে যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অনুমোদন পাওয়া কমিটিতে সংগঠনটির ৯ নম্বর প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নিক্সন চৌধুরী।