নিজস্ব প্রতিবেদক
বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন।
সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুড়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। দেশের মানুষ জিম্মি নয় বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে।
শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত তখনও বিএনপি অন্ধকার দেখে- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদের দেখার চোখ নেই, তারাতো চারদিকে অন্ধকার দেখবেই।
দেশের মানুষ ভালো আছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বের উপর তাদের আস্থা দিনদিন সুদৃঢ় হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলসহ দেশের মানুষকে উন্নতর জীবন দেয়াই শেখ হাসিনার লক্ষ্য।
তিনি বলেন, ফখরুল সাহেব বলছেন আমি নাকি শুধু বিএনপির কথা বলি। আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোনে বালি জমেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের (বিএনপি) কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারবের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক।
ছাত্র জীবনে মঞ্চে নাটক করা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তা সত্যি নয়, আমি বই লিখেছি, সাহিত্যের অন্যান্য ধারায় যুক্ত ছিলাম কিন্তু ফখরুল সাহেব ছাত্র জীবনে ভালো অভিনয় করতেন, সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল সাহেব তার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকেই।
তিনি বলেন, ফখরুল সাহেব সত্যকে সত্য বলতে চান, সাদাকে সাদা আর কালোকে কালোও বলতে চান। কিন্তু কোন এক অদৃশ্য কারণে তা বলতে পারেন না।আর এজন্যই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যেতে পারেননি।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল রাজনীতির কারণে যা বলেন, তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলে জনমনেও সংশয় রয়েছে।






















