ডেস্ক রিপোর্ট ।।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৫০ হাজারে উঠে গেছে। এর মধ্যে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এক হাজার ৭১৯ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৭ শতাংশ। বাকি ৩৩ শতাংশ নারী। আবার রোগীদের বয়সভিত্তিক চিত্রে হেরফের ঘটছে।
একেক সময় একেক বয়সের রোগীরা হাসপাতালে আসছে বেশি। ঈদের ছুটির সময় বেশি আক্রান্ত হয়েছে পাঁচ থেকে ১৫ বছর বয়সী শিশুরা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গত কয়েক দিনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে গত ১ জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছুঁয়েছে। নতুন ও পুরনো মিলিয়ে হাসপাতালগুলোতে সর্বশেষ ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা ছিল সাত হাজার ৭১৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে চার হাজার ১৫ ও ঢাকার বাইরে তিন হাজার ৭০১ জন। আগের দিনের তুলনায় ঢাকা ও ঢাকার বাইরে মোট ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে ৬ ও ২ শতাংশ কমেছে। হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর হার ৮৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, গতকাল সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে এক হাজার ৭১৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৫৭৩ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৭৫৯ ও ৬৫৪ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগী ৯৬০ ও ৯১৯ জন।


















