ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গু মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ঈদের ছুটির মাঝেও সারা দেশের গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের দিন ছাড়া আজ ৯ আগস্ট থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত সরকার দেশের সব কমিউনিটি ক্লিনিক চালু থাকবে।
শুক্রবার (৯ আগস্ট) সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, ঈদ উপলক্ষে যারা গ্রামের বাড়ি যাচ্ছেন তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সিটি করপোরেশন ও পৌরসভাগুলো মশা নিধন কর্মসূচি প্রতিদিনই অব্যাহত রাখবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকেও স্কুল কলেজসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অফিস খোলা রেখে ঈদের ছুটির দিনগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টা ডেঙ্গু সংক্রান্ত সহায়তা পাওয়ার জন্য হটলাইন খোলা থাকবে। ডেঙ্গু সংক্রান্ত সকল পরীক্ষার নির্ধারিত মূল্য না মানলে অভিযোগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটলাইন: ০১৩১৪-৭৬৬০৬৯/০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭। ই-মেইল: ministermonitoringcell@gmail.com
দ্রুত সেবা, পরামর্শ, সেবা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ: ৯৫৪০২০৬, হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার: ০১৭৫৯১১৪৪৮৮। যেকোন সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের সেবা: ০১৭০৮৫০৬০৪৭।


















