ডেস্ক রিপোর্ট।।
সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর বাহক এডিস মশা থেকে রক্ষা পেতে সবাইকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
রোববার (৪ আগস্ট) নগর ভবনে ডিএসসিসির আয়োজনে কোরবানি পশুর বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মসজিদের খতিব-ইমামদের সঙ্গে মতবিনিময় সভা ও অ্যারোসল স্প্রে বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে ডেঙ্গুমুক্ত করার ব্যাপারে আশা প্রকাশ করেন সাঈদ খোকন। এজন্য মসজিদের ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে জানান তিনি।
তিনি বলেন, তারা নিজ এলাকায় প্রতিটি মসজিদে ডেঙ্গু থেকে মুক্তির লক্ষ্যে দোয়া পাঠ করবেন। যেন এ শহর দ্রুত ডেঙ্গুমুক্ত হয়। কারণ আল্লাহ ধৈর্যশীল ও নামাজিদের পছন্দ করেন। আমরা ধৈর্য ধরবো ও নামাজের সঙ্গে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবো। নিশ্চয় তিনি আমাদের মাফ করবেন।



















