নিজস্ব প্রতিবেদক ।।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত ১০০টি ফেসবুক একাউন্ট, ৪০টি ইউটিউব চ্যানেল ও ১৫ টি অনলাইন পোর্টাল বন্ধ করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের থেকেও অনেক বেশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুজব প্রতিরোধে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেছেন, যারা দেশের ভিতরে ও বাইরে থেকে গুজব ছড়িয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে চায় তাদের আমরা চিহ্নিত করেছি। অনেককেই আইনের আওতায় আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তাছাড়া সন্দেহভাজন প্রত্যেকটি ওয়েবসাইটে চলছে নিবিড় পর্যবেক্ষন।
সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক ও ভুল খবর ছড়ানো হচ্ছে জানিয়ে গুজব প্রতিরোধে স্বরাষ্ট্র ও তথ্য প্রযুক্তি বিভাগের সমন্বয়ে সুনির্দিষ্ট সেল গঠন করে ২৪ ঘন্টা নজরদারির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান বলেন, "একটি সেল গঠন করে যারা গুজব ছড়াচ্ছে তাদের ই-মেইল, ফোন সর্বাক্ষনিক মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে।" তাছাড়া সামাজিক ভাবে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করার আহ্ববান জানান তিনি।
গণপিটুনি ও ছেলেধরা গুজবে এখন পর্যন্ত সারাদেশে ৪০টি মামলা ও ৫৫টি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ বলছে, তাদের কঠোর অবস্থানের জন্য গুজব ছড়ানোকারীরা এখন অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে।


















