জাতীয় ১১ জুলাই, ২০২৪ ০৫:৩৪

পুলিশি বাধা উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের  ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধনের এক দফা দাবিতে 'বাংলা ব্লকেড' এর অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

এ সময় পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বাধা দিতে গেলে পুলিশি বাধা উপেক্ষা করেই অবরোধ করে চালিয়ে যায় শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১১ জুলাই) কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের ঢাকা-আরিচা মহাসড়কে সমবেত হয়ে উভয় পাশে ব্লক করে অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে রাস্তা অবরোধে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফি।

তিনি বলেন ‘পুলিশ পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছে।’ তবে নতুন করে আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম মেঘ বলেন, আমরা শিক্ষার্থীরা দৃঢ় সংকল্পবদ্ধ। আমরা অবস্থান নেব আমরা রাস্তা অবরোধ করবো। পুলিশ বাধা দিলেও আমরা রাস্তায় অবস্থান করব।

আমাদের কাগজ/টিআর