ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কত জন মারা গেছেন তার সঠিক সংখ্যা জানেন না স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের। শনিবার (৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে এ রোগে মাত্র ১৪ মারা গেছেন বলে এমন তথ্য সাংবাদিকদের জানান তিনি। সঙ্গে সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে মৃতের সংখ্যা যে আরো অনেক বেশি তা সাংবাদিকরা মন্ত্রীকে জানালে, সঠিক সংখ্যা জানার জন্য মন্ত্রী সময় চান।
সাংবাদিকরা যখন স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, শুধুমাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন ও বিএসএমএমইউ-তে দুই জন মারা গেছেন। এর বাইরেও ঢাকার অন্যান্য হাসপাতালেও আরো মৃতের সংবাদ আসছে। তখন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আরও ভালোভাবে জেনে আমি পরে জানাবো।’
এছাড়া তিনি সাংবাদিকদের জানান, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে। ওষুধের কোনও সংকট হবে না। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ইতোমধ্যে দুই লাখ কিট আনা হয়েছে। সুতরাং কোথাও পরীক্ষার সমস্যা হবে না।’
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি দেখার জন্য গঠিত সেল কাজ করছে। তারা তদারকি করছে।’


















