জাতীয় ১৪ জানুয়ারি, ২০২৪ ০৭:৫৫

রাষ্ট্রপতি চারদিনের সফরে পাবনা যাচ্ছেন 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চারদিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় আসছেন।

আজ রোববার  (১৪ জানুয়ারি) সন্ধায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৫ জানুয়ারি দুপুরে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

পরদিন ১৬ জানুয়ারি পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। ১৭ জানুয়ারি স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ১৮ জানুয়ারি দুপুরে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর তিনদিনের সফরে রাষ্ট্রপতি পাবনায় আসেন। ওই সফরে তিনি সাঁথিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন, পাবনা ডায়াবেটিস সমিতির অনুষ্ঠানে যোগদানসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আমাদেরকাগজ / এইচকে