নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদের এজেন্ট’ মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি তোলা নিয়ে আলোচনায় আসেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তবে শুরু থেকেই মেন্দির সঙ্গে সাক্ষাতের খবর নাকচ করে দেন নুর। তবে আলোচনা থেমে থাকেনি। নতুন করে আবারও আলোচনায় জন্ম নিয়েছে।
এবার নুরুল হক নুরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ইসরাইলের সেই মেন্দি এন সাফাদি। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের সাক্ষাতের বিষয়টি সত্য বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে বলা হয়, মেন্দি এন সাফাদি গত ২৬ জুন মুঠোফোনে খুদে বার্তা দিয়ে এসব কথা স্বীকারোক্তি দেন। তার মুঠোফোন নম্বরটি প্রতিবেদক সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, রিসার্চ অ্যান্ড পাবলিক রিলেশনস নামে ফেসবুক পেজ থেকে সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার হিসেবে মেন্দি এন সাফাদির নাম রয়েছে। প্রতিষ্ঠানটি ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের অধীন ইসরাইলি করপোরেশনস অথরিটিতে নিবন্ধিত।
প্রতিবেদনে আরও বলা হয়, মেন্দি এন সাফাদি ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক। এছাড়া তিনি ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা গোলান মালভূমি এলাকার বাসিন্দা। তবে ইহুদি নয় তিনি দ্রুজ ধর্মাবলম্বী। দুবাইয়ে ব্যবসা করেন। বাংলাদেশের গণমাধ্যমে রাজনৈতিক নেতাদের উদ্ধৃত করে বলা হয়েছে, মেন্দি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। তিনি মোসাদের এজেন্ট- এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। আবার তিনি যে মোসাদের এজেন্ট নন, সে ব্যাপারেও কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুর দাবি করেন, ‘চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ও ক্ষমতাসীন নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার আড়াল করতে সরকার সমর্থকরা প্রোপাগাণ্ডা চালাচ্ছে।’
আমাদেরকাগজ/এইচএম



















