আমাদের কাগজ রিপোর্ট: জাতীয় গ্রিডে ফের ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সঞ্চালন লাইনের জটিলতায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে আদানি বিদ্যুৎকেন্দ্র পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় এ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট। বুধবার দুপুর ২টা ৪৬ মিনিটে সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে এদিন বিকাল ৩টা ৬ মিনিটে লাইনটি পুনরায় চালু করা হয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্নের পর রাত ৩টা ৪৩ মিনিটে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
আমাদের কাগজ/টিআর


















