জাতীয় ২৩ মে, ২০২৩ ০৫:৩১

নির্বাচনের আগে র‍্যাবের ডিজি খুরশীদ হোসেনের মেয়াদ বাড়াল সরকার

আমাদের কাগজ রিপোর্ট: নির্বাচনের আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) পদে এম খুরশীদ হোসেনের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। 

তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 


উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, র‍্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮- এর ধারা ৪৯ অনুযায়ী তাঁর অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুন ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে স্ববেতনে র‍্যাব-এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ’ প্রদান করা হলো।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাব মহাপরিচালকের দায়িত্ব নেন খুরশীদ হোসেন। তিনি এই পদে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। 

র‍্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেনর‍্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেন
খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন। তিনি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। পুলিশে তাঁর পদমর্যাদা অতিরিক্ত আইজিপি (গ্রেড-১)।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুইবার পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং একবার পিপিএম পেয়েছেন। 

র‍্যাবের বর্তমান ও সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার‍্যাবের বর্তমান ও সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংবিধান অনুযায়ী, ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন করতে চায়।

২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। র‌্যাবের সাবেক ডিজি হিসেবে বেনজীর আহমেদ ও বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপর এই নিষেধাজ্ঞা রয়েছে।

 

 

আমাদের কাগজ/টিআর