জাতীয় ১৮ মে, ২০২৩ ০৯:১০

নির্বাচনের সময় ইসির অধীনে থাকবো: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকবো এবং ইসি যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন 

বৃহস্পতিবার (১৮ মে) নির্বাচন ভবনে পাঁচ সিটি নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এমন কথা জানান।

আইজিপি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যে নির্দেশনা দিয়েছে, সবার কাছ থেকে তথ্য নিয়েছে ও সহযোগিতা চেয়েছে আমরা আমাদের সহযোগিতা দেওয়ার বিষয়ে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছি।

পাঁচ সিটি ভোটের পুলিশের প্রস্তুতি নিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ইসির জারি করা পরিপত্রের আলোকে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব কার্যক্রম গ্রহণ করবো। প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যখন যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তখন সে ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, নির্বাচন কমিশন সবার জন্য সমানভাবে কাজ করার জন্য ও চমৎকার একটি নির্বাচন করার জন্য যা যা দরকার সে অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছি।

স্থানীয় প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ পক্ষপাত দুষ্ট আচরণ করে এমন অভিযোগের বিষয়ে পুলিশপ্রধান বলেন, আমি এমনটি মনে করি না। আইন অনুযায়ী আমাদের যে দায়িত্ব, দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছি এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন করা দরকার, আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করছি।

জাতীয় নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কথা প্রসঙ্গক্রমে এসেছে। বাট নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে থাকবো। নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে সে নির্দেশনার আলোকে আমরা দায়িত্ব পালন করবো।

আমাদেরকাগজ/এইচএম