জাতীয় ২৬ এপ্রিল, ২০২৩ ০৩:৫৮

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন

আমাদের কাগজ রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হওয়া তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।

পরে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা আলাদাভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

এ সময় বঙ্গবন্ধু পরিবারের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে রাষ্ট্রপতি ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। তাকে সেখানে স্বাগত জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ হেলাল উদ্দিন এবং শেখ সারহান নাসের তন্ময়সহ স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্যরা, নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

টুঙ্গিপাড়া যাওয়ার পথে রাষ্ট্রপতি পদ্মা সেতুর মাঝখানে কয়েক মিনিট যাত্রাবিরতি করেন এবং সেতুর ওপর পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত সোমবার (২৪ এপ্রিল) শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন।

শপথ গ্রহণের পর তিনি মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শদ্ধা জানান। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি।

 

 

আমাদের কাগজ/টিআর