জাতীয় ৪ এপ্রিল, ২০২৩ ০৫:১৯

বঙ্গবাজারে আগুনে হাসপাতালে ভর্তি ৫, চিকিৎসা নিয়েছেন ১২ জন

আমাদের কাগজ রিপোর্ট: বঙ্গবাজার মার্কেটে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী, দোকান মালিক ও কর্মচারীসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে এই আগুনের ঘটনাটি ঘটে।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ব্যক্তি হলেন, ফায়ার সার্ভিসের কর্মী মেহেদী হাসান। এ ছাড়া দোকান মালিক ও কর্মচারী নিলয়, শাহীন, রিপন মিয়া, রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইসরাফিল ইসলাম ও র‍্যাব-২-এর উপ-পরিদর্শক (এসআই) জাহিদ, ফায়ার সার্ভিস সদস্য আতিকুর রহমান রাজন, রবিউল ইসলাম অন্তর, মেহেদী হাসান, দিদারুল হক, উপ-পরিচালক বাবুল চক্রবর্তী।

দোকান মালিক ও কর্মচারীরা হলেন, দুলাল মিয়া, সোহেল, সুমন মিয়া, মিজানুর রহমান ও আশিক, হাফিজুর রহমান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে ফায়ার সার্ভিস সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী ও দোকান মালিক কর্মচারীসহ আহত ১৭ জন ঢামেকে এসেছিল। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মী বার্নে ভর্তি আছেন। চার দোকান মালিক কর্মচারীকে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

 

আমাদের কাগজ/টিআর