জাতীয় ২৭ ডিসেম্বর, ২০২২ ১১:৪৩

ঢাকাবাসীর কাঙ্ক্ষিত মেট্রোরেলের উদ্বোধন আগামীকাল

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে। ঢাকার বুকে চালু হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। বাংলাদেশ এই প্রথম বারের জন্য শুরু হতে যাচ্ছে  আধুনিকতার নতুন এক অধ্যায়ে। দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে বুধবার (২৮ ডিসেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশের উদ্বোধন এবং প্রথম যাত্রী হবেন। তবে সাধারণ যাত্রীরা স্বপ্নের মেট্রোরেলে চড়ার সুযোগ পাবে পরদিন ২৯ ডিসেম্বর থেকে। 

এ দিকে মেট্রোরেল চালুর সাথে সাথে রয়েছে বেশকিছু নির্দেশনাও। জানা যায়,চালু হওয়ার পর প্রথমদিকে মেট্রোরেল প্রতিদিন ৪ ঘণ্টা করে চালানো হবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। যাত্রীরা মেট্রোরেল ব্যবহারে অভ্যস্ত হওয়ার সাথে সাথে মেট্রোরেল পরিচালনার সময় বাড়ানো হবে।

১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এ পথের আধুনিক ট্রেনে সবগুলো কোচই শীতাতপ নিয়ন্ত্রিত। শুরুর দিকে পুরাপুরি অপারেশনে যাচ্ছে না মহানগরীর নতুন এ গণপরিবহন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ চার ঘণ্টা চালানো হবে। 

এদিকে উদ্বোধনের আগে সবগুলো মেট্রো স্টেশন সার্বিক প্রস্তুতি মোটামুটি শেষ হয়েছে। 

বিশেষ করে আগারগাঁও উত্তরা দিয়াবাড়ী স্টেশন বেশ পরিপাটি করে সাজানো হয়েছে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের প্রথম যাত্রী হয়ে যাবেন উত্তরা দিয়াবাড়ি স্টেশনে।

প্রসঙ্গত, মিরপুরবাসী দীর্ঘভোগান্তি-ত্যাগ শেষে মেট্রোরেলের উদ্বোধন হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত এখানকার বাসিন্দারা। তারা বলছেন, স্বপ্নের এ মেট্রোরেল তাদের প্রতিদিনকার জীবনকে আরও সহজ করে দেবে আমাদের। 

মেট্রোরেল সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিকে তিনটি স্টেশনে যাত্রী উঠানামার সুযোগ পেলেও ধাপে ধাপে স্টেশন ও যাত্রী পরিবহনের সুযোগ বাড়বে। প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরা সেন্টার (মধ্য) ও উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা। এ ছাড়া প্রথম স্টেশন উত্তরা উত্তর থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ট্রেনে সর্বমোট ২৩০৮ জন যাত্রী পরিবহনের কথা বলা হলেও প্রাথমিকভাবে ২০০ যাত্রী তোলা হবে। প্রথম তিন মাস এভাবে চলতে পারে। শুরুর দিকে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও যেতে সময় লাগবে প্রায় ২০ মিনিট। পরে সময় ১৬ থেকে ১৭ মিনিটে নেমে আসবে।

এ বিষয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ইতোমধ্যে আমরা উত্তরা স্টেশনে নিয়ে যাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার পরও দেখেছি যাত্রীরা মেট্রোতে চড়ার বিষয়টি এখনো রপ্ত করতে পারেননি। ধীরে ধীরে উন্নতি হবে।


আমাদের কাগজ/এম টি