জাতীয় ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:৪১

রমজানে নিত্যপণ্যের দাম না কমলেও যৌক্তিক মূল্য রাখা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের কাগজ ডেস্কঃ আসন্ন রমজানকে মাথায় রেখে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পণ্যের দাম না কমলেও যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে। আজ রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ সব বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ এখনি হাতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত,কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের দাম বাড়ায় সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

বর্তমান বাজার নিয়ে চিনি প্রসঙ্গে তিনি বলেন, চিনি নিয়ে আমাদের কিছুটা অসুবিধা হয়েছে। কাগজপত্র বলে প্রচুর পরিমাণে চিনি পাইপলাইনে আছে। আমরা চেষ্টা করছি, ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, জরিমানা করছে। আমরা চিন্তা করছি, দরকার পড়লে যদি জেলে পাঠানো ব্যবস্থা করা যায়, কারাগারে পাঠানোর স্কোপ থাকে, আমরা করবো। আমার ধারণা, দাম যেটা বেশি আছে সেটা কমে আসবে।  চিনির ডিউটি (আমদানি কর) যদি কমানো যায় তাহলে দাম কমে আসবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

অপর এক প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, চিনি অন্য বছরের তুলনায় কম নেই, যথেষ্ট পরিমাণে এসেছে। আমদানি তো চালু আছেই, বাজারে যে পরিমাণ মজুত আছে তা কোনো অবস্থায় বিপজ্জনক অবস্থায় নেই। সাধারণ মানুষের জন্য দাম যাতে কমানো যায় সেজন্য ডিউটি কমাতে বলা হয়েছে।

লাগামহীন পাগলা ঘোড়ার মতো আবারও যেন ঊর্ধ্বশ্বাসে ছুটছে নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির অস্থিরতার পালে বাতাস দিয়েছে বাণিজ্যমন্ত্রীর দাম সমন্বয়ের ঘোষণা। এর সঙ্গে যুক্ত হয়েছে সরবরাহ সংকট। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতি। দামের চাপে মধ্যবিত্তরা হিমশিম খাচ্ছেন, করছেন হা-হুতাশ। অন্যদিকে নিম্নবিত্তদের অবস্থা অবর্ণনীয়।

আমাদের কাগজ/এম টি