জাতীয় ১৮ নভেম্বর, ২০২২ ০২:৫৮

আগামীকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: আজ শুকবার আজ থেকে পরবর্তী কাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে যা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৬ দশমিক ৭ ডিগ্রি, ময়মনসিংহে ১৬ দশমিক ৮ ডিগ্রি, চট্টগ্রামে ২০ ডিগ্রি, সিলেটে ১৮ দশমিক ২ ডিগ্রি, রংপুরে ১৮ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় ১৮ দশমিক ৬ ডিগ্রি এবং বরিশালে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল চট্টগ্রামে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। 

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।


আমাদের কাগজ/ইআ