জাতীয় ১৮ জানুয়ারি, ২০২১ ০৫:৩৬

নতুন বছরের প্রথম অধিবেশন আজ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন বসছে আজ বিকেলে। অধিবেশন শুরু হবে আজ সোমবার সাড়ে ৪টায়। চলতি সংসদের ১১তম অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণের মধ্য দিয়ে।

বৈশ্বিক মহামারি করোনায় এ অধিবেশনের কার্যদিবস হবে সংক্ষিপ্ত। শুধু কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এমপি, মন্ত্রী ও সংসদের সংশ্লিষ্টরা সেখানে প্রবেশের অনুমতি পাবেন।

প্রতি বছর শীতকালীন এ অধিবেশন সাধারণত দীর্ঘ হলেও এবারের অধিবেশন বিরতি দিয়ে ১০-১২ কার্যদিবস চলবে বলে জানায় সংসদ সচিবালয় সূত্র।

এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে ও পরে অন্তত ১০টি বিল পাস এবং ৫-৭টি বিল উত্থাপিত হবে। ইতোমধ্যে আইন শাখায় ছয়টি বিল জমা পড়েছে এবং দু-তিন দিনের মধ্যে আরও বেশ কয়েকটি বিল জমা পড়বে।

যেসব বিল ইতোমধ্যে জমা পড়েছে তার মধ্যে রয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০২১, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২১, আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ, সংশোধন) বিল-২০২০, কোম্পানি আইন বিল-২০২০ ইত্যাদি।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দশম ও বিশেষ অধিবেশন গত বছরের ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হয়। এ অধিবেশনে মোট ৯টি বিল পাস করা হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।