নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে এক্সট্রা অডিশন করার জন্য। এটি প্রক্রিয়াধীন।
কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।’
এর আগে রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিচ্ছে ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কিনা, সেটি জানাবে পুলিশের এনসিবি শাখা।
তিনি আরও জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা আছে। সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে অগ্রগতি জানানো হয়নি।
জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। আইজিপির দফতর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে।


















