বিনোদন ১৩ নভেম্বর, ২০২২ ০৮:১২

আকবরের মৃত্যু: যা জানালেন হানিফ সংকেত

বিনোদন ডেস্ক: চলে গেলেন ‘ইত্যাদির’ কণ্ঠশিল্পী আকবর আলী গাজী। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। রোববার (১৩ নভেম্বর) দুপুরে না ফেরার দেশে চলে যান আকবর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

এদিকে আকবরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। সংগীতের পাশাপাশি নাটক-সিনেমার তারকারাও শোক জানাচ্ছেন এই গায়কের জন্য। তবে আকবরের জন্য হানিফ সংকেতের কষ্টটা যে সবার চেয়ে একটু বেশিই! কারণ তারই হাত ধরে ‘ইত্যাদি’তে এসেছিলেন আকবর। হানিফ সংকেত আকবরকে খুঁজে বের করেছিলেন, দিয়েছিলেন তার অনুষ্ঠানে গান করার সুযোগ। যেখান থেকে আকবরের ‘গায়ক আকবর’ হয়ে ওঠা।

এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আকবরের জন্য শোক জানিয়েছেন হানিফ সংকেত।

তিনি লিখেছেন, "আজ দুপুরে আকবরের স্ত্রী হঠাৎ ফোন করে কাঁদছিলেন, বললেন- 'আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে'। আমি রংপুরে ছিলাম পরবর্তী ইত্যাদির জন্য একটি প্রতিবেদন রেকর্ড করছিলাম যখন আমি ফোন পেয়েছি। ফোন পেয়েই বুঝলাম আকবর আর নেই। কারণ বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। চিকিৎসকদের সঙ্গেও কথা হচ্ছিলো। লিভার, কিডনি, ডায়াবেটিস-সবকিছু মিলিয়ে শারীরিক অবস্থা ছিলো অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। নেয়া হয় লাইফ সাপোর্টে। অবশেষে জীবনের কঠিন সত্য মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”

হানিফ সংকেতের কথায়, 'তবে জীবনের শেষ দিন পর্যন্ত আকবরের চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং আর্থিক সহায়তাও করেন। এছাড়াও অনেকেই তাকে সাহায্য করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।'

সবশেষে জনপ্রিয় এই উপস্থাপক বলেন, 'সঙ্গীত জীবনে আকবরের পথ চলা সহজ ছিল না। ২০০৩ সালে যাত্রার পর থেকে আমি দীর্ঘদিন ধরে তার সাথে একা লড়াই করেছি। আকবর খুব একটা গান করেননি। তবে তিনি যা করেছেন তা সব প্রজন্মের শ্রোতার আবেগকে স্পর্শ করেছে- যা তাকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে।


আমাদেরকাগজ/এইচএম